নিহত হয়েছেন- মোটরসাইকেল চালক গণেশ চন্দ্র সরকার। আহত হয়েছেন- অটোরিকশা চালক সামসু শেখ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত-রাত আনুমানিক পৌনে ১০টার দিকে হোগলা বাজারে নাজিম খাঁ'র করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গণেশ চন্দ্র সরকার হোগলা ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম নিখিল চন্দ্র সরকার। দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক সামসু শেখ জামিরাকান্দা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জালাল শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোরিকশা চালক সামসু শেখের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গণেশ চন্দ্র সরকারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ শেষকৃত্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত সামসু শেখকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।