নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবার জমাদ্দার মোড় এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের কর্মসূচি প্রতিহত করতে আগের রাত থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ চলে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইব্রাহিম সিপাহী নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থলে বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজনের দাবি, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁর আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণের দাবি করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সকাল সাড়ে আটটার দিকে বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল নয়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়।