শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর মোহনায় পড়ে আছে ‘গজনী-১’ ও ‘গজনী-২’ নামের বোট দুটি। ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় শেরপুরের জন্য এগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। দুটি নৌযান কিনতে ব্যয় হয়েছিল ১ কোটি ৮০ লাখ টাকা।
প্রতিটি বোটের যাত্রী ধারণক্ষমতা ৮০ জন। দৈর্ঘ্য ৫৪ ফুট এবং প্রস্থ সাড়ে ১২ ফুট। বহুমুখী ব্যবহার উপযোগী এসব নৌযান বন্যা ও পাহাড়ি ঢলে আটকে পড়া মানুষকে উদ্ধার এবং জরুরি সেবা দেওয়ার কাজে ব্যবহারের কথা ছিল।
শেরপুরে প্রতি বর্ষায় পাহাড়ি ঢল ও বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে সদর উপজেলার নিম্নাঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্যই বোট দুটি কেনা হয়েছিল। কিন্তু প্রয়োজনের সময় সেগুলো কাজে লাগেনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ প্রায় তিন বছর আগে শেষ হয়েছে। বোট পরিচালনার জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ নেই। জ্বালানি তেলের খরচ মেটানোর ব্যবস্থাও হয়নি। বেতন না পেয়ে বোট দুটির দায়িত্বে থাকা দুই চালকও কাজ ছেড়ে চলে গেছেন।
বোট দুটি আবার সচল করতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সংস্কার করে সেগুলো ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কামারেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদের ভাষ্য, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নৌযান দুটি ক্রমেই নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বোট দুটি মেরামত করে উদ্ধারকাজে ব্যবহার করা গেলে বন্যার সময় স্থানীয় মানুষের উপকার হবে।
দুর্যোগের সময় মানুষের জীবন বাঁচানোর জন্য কেনা হয়েছিল যে নৌযান, সেগুলোই এখন পড়ে আছে নদীর পাড়ে। অর্থ ব্যয় করে সরঞ্জাম কেনার পরও পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও জ্বালানির ব্যবস্থা না থাকলে জরুরি সেবার এমন অবকাঠামো যে অকার্যকর হয়ে পড়ে, শেরপুরের দুটি বোট তারই উদাহরণ।