মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাংশা শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কয়েকজন বিএনপির নেতাকর্মী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কালীবাড়ি মোড় এলাকায় পৌঁছালে ব্যানার ধরা নিয়ে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিয়াকত আলী খান, তার ছেলে শাহ নেওয়াজ খান শুভসহ কয়েকজন আব্দুল ওহাবকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের সরিয়ে দেন। পরে আহত আব্দুল ওহাবকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ধরা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর কথা-কাটাকাটি হয়। তাৎক্ষণিক নেতাকর্মীরা তাদের সরিয়ে দেন।”
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”