শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

নীল স্বপ্নের শোকগাথা: ইতালির অলিগলিতে বেদনার বিউগল

নীল স্বপ্নের শোকগাথা: ইতালির অলিগলিতে বেদনার বিউগল

আবারও ভেঙে গেল নীল স্বপ্ন। স্তব্ধ হয়ে গেল এক ফুটবল সভ্যতার হৃদস্পন্দন। ইতালি, যাদেরকে ছাড়া একসময় বিশ্বকাপ কল্পনাই করা যেত না, সেই দলই আজ টানা তৃতীয়বারের মতো ছিটকে পড়েছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ থেকে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-১ গোলের পরাজয়; শুধু একটি হারের গল্প নয়, এটি যেন এক দীর্ঘ যন্ত্রণার পুনরাবৃত্তি। যেন ইতিহাস নিজেই ফিরে ফিরে লিখছে ইতালির পতনের কাব্য। নীল স্বপ্নের শোকগাথায় কেবল করুণ বিউগলের সুর!

২০০৬ সালের বার্লিন—একসময় যা ছিল গৌরবের শিখর, আজ তা স্মৃতির দূর আকাশে ঝুলে থাকা এক তারা। দুই দশক পেরিয়ে গেছে, অথচ বিশ্বকাপের মঞ্চে ইতালির জয় এখন প্রায় বিস্মৃত এক অধ্যায়। ২০৩০ সালের আগে আর সেই স্বপ্ন দেখার সুযোগও নেই। ফলে দেশজুড়ে এখন কেবল শোক, ক্ষোভ আর হতাশার ঢেউ।

ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক গাজেত্তা দেলো স্পোর্ত যেন সেই হতাশারই প্রতিধ্বনি তুলেছে—“তুত্তি আ কাসা” অর্থাৎ ‘সবাই বাড়ি চলো’। তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, “এটা শুধু স্বপ্নভঙ্গ নয়, এটা এক মহাপ্রলয়। আগের দুবারের চেয়েও এবারের আঘাত অনেক বেশি গভীর। একটা পুরো প্রজন্ম বেড়ে উঠছে যারা কোনো দিন বিশ্বকাপ আসরে ইতালিকে দেখেনি। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটাই এখন আমাদের জন্য স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে।” তুত্তোস্পোর্তের ভাষা আরও কঠোর, আরও নির্মম— ‘সবাই বিদায় হও’। তাদের মতে, “এই ব্যর্থতার দায় নিয়ে সর্বস্তরে পরিবর্তন আসা উচিত। রিসেট বা নতুন করে শুরু করাটাই এখন একমাত্র ওষুধ।”

শুধু মাঠের ব্যর্থতা নয়, এর পেছনে গভীর সংকট দেখছে কোরিয়েরে দেলো স্পোর্ত, “ইতালির ফুটবল প্রকল্পের ভিত্তিটাই নড়বড়ে হয়ে গেছে। পুরো ব্যবস্থাই আর কাজ করছে না। এই হার ইতালিয়ান ফুটবলের সাংগঠনিক ও সামাজিক দৈন্যকে নগ্ন করে দিয়েছে।” অন্যদিকে কোরিয়েরে দেলা সেরা যেন ক্লান্ত, শোকাভিভূত—“এবার আর আট বা চার বছর আগের মতো রাগ বা বিস্ময় নেই, আছে কেবল গভীর বিষাদ। গাত্তুসোর চোখের পানি যেন গোটা দেশের হাহাকার।” তাদের প্রশ্নে ফুটে ওঠে অসহায়তা—“সিনারের টেনিস বা আন্তোনেল্লির ফর্মুলা ওয়ান সাফল্য দিয়ে কি আর ফুটবল বিশ্বকাপের শূন্যতা পূরণ হয়!”

লা রিপাবলিকার চোখে এটি এক “জাতীয় লজ্জা”—“কোনো পরিকল্পনার অভাব নয়, বরং পরিকল্পনার সম্পূর্ণ অনুপস্থিতির কারণে এটা ঘটেছে। মধ্যম মানের ফুটবল খেলাটাই এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। বার্লিন জয়ের ২০ বছর পর গাত্তুসোর দল যা উপহার দিল, তা স্রেফ অপমান।” আর এল মেসেজেরোর ভাষা যেন সবচেয়ে তীব্র—“নরকে ইতালি।” তাদের লেখায় ফুটে ওঠে যন্ত্রণার গভীরতা— “ছোট্ট বসনিয়া যখন উৎসবে মাতোয়ারা, ইতালি তখন ডুবেছে নরকের যন্ত্রণায়। টানা তিনবার দর্শক হয়ে বিশ্বকাপ দেখা এই দেশটির জন্য যেন এক সপাটে চড়। এক অন্তহীন দুঃস্বপ্নে নিমজ্জিত আজ্জুরিরা।”

লা স্টাম্পা বলছে—“বিপর্যয়! বার্লিনের সেই রাতের পর থেকে একের পর এক ধাক্কা। ইতালির ব্যর্থতা এখন নিয়মে পরিণত হয়েছে। এক পরিচয়হীন দলে পরিণত হয়েছে তারা।” আর কালচিওমেরকাতো যেন ভবিষ্যতের দিকেও তাকিয়ে কাঁদছে—“আবার বিদায় বিশ্বকাপ। সেই তরুণদের কথা ভাবুন, যারা কখনো ইতালিকে বিশ্বকাপে দেখেনি। আবার সেই প্রবীণদের কথাও ভাবুন, যাঁরা হয়তো আর কখনো আজ্জুরিদের বিশ্বমঞ্চে দেখবেন না। সবাই ভুল করেছে। কোনো ব্যতিক্রম নেই। এই ভুলের দায়ে গণপদত্যাগ হওয়া উচিত।”

সব মিলিয়ে, এটি কেবল একটি দলের পরাজয় নয়; এটি এক ঐতিহ্যের ক্ষয়, এক স্বপ্নের অবসান, এক দেশের ফুটবল আত্মার নিঃশব্দ কান্না। নীল জার্সির সেই গৌরব আজ যেন হারিয়ে গেছে সময়ের অন্ধকারে—ফিরে আসার অপেক্ষায়, নতুন কোনো সূর্যোদয়ের আশায়।

আরও

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো...

২০২৬-০৮-১৮ ২২:২৭

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১