বুধবার (১৩ অক্টোবর) সকালে মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং মীরসরাই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সিপিপির উপজেলা পর্যায়ের সদস্যরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি কমানো, দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বাস্তবধর্মী মহড়ার মাধ্যমে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, পরিবার ও নিজ নিজ ঘর থেকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু হলে সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।