শনিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার মিল্লা টাউনহল মাঠে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে আয়োজিত ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফোরাম (টিভিইটি) এ সেমিনারের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা গরুর দুধ খাই, মাংস খাই, তাহলে গরুর গোবর ফেলতে কিসের লজ্জা? মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে।’
তিনি বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনের জন্য পৃথিবীর অন্যতম উর্বর স্থান। এ দেশের মাটি, বাতাস, আলো ও বৃষ্টির মতো প্রাকৃতিক সম্পদ কৃষির জন্য অত্যন্ত সহায়ক। একই সঙ্গে দেশের মানুষও পরিশ্রমী।
তবে ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। কৃষিমন্ত্রী বলেন, আগামীর প্রজন্মকে বাঁচাতে এবং নিজেদের সুস্থ রাখতে নিরাপদ খাদ্য উৎপাদনে জোর দিতে হবে। পৃথিবীতে খাবারের অভাব না থাকলেও নিরাপদ খাদ্যের মারাত্মক ঘাটতি রয়েছে।
কৃষিপণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও সরকারের পরিকল্পনা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। একদিন বাংলাদেশ পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এখনো কাঁচা মরিচ, গাজর ও টমেটো আমদানি করতে হয়। তবে সেই দিন বেশি দূরে নয়, যখন এসব পণ্য আমদানি না করে বাংলাদেশই বিদেশে রপ্তানি করবে।
ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি গিয়ে মা-বাবাকে মাঠে কৃষিকাজে সহযোগিতা করছে—এমন দৃশ্য তাকে দারুণভাবে আশাবাদী করেছে বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের প্রশংসা করেন।
কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হাসান। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে কুমিল্লা টাউনহলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবীর, কুমিল্লা মডার্ন স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সিসিএন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের ও লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।