সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্ক’-এর নির্বাহী পরিচালক আরিফ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন। এ সম্মেলনে সম্ভাব্য নতুন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশকে নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার দেশ হিসেবে উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববাজারে বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও আলোচনা হয়।
বৈঠকে কৃষি ও গ্রামীণ উদ্যোগ জোরদার, ব্লু ইকোনমির টেকসই সম্ভাবনা কাজে লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানি ও সার্কুলার ইকোনমি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয় উঠে আসে।
এ ছাড়া মূল সম্মেলনের পাশাপাশি ‘কমনওয়েলথ উইমেনস ফোরাম’কে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের ব্যবসায়িক সম্ভাবনা বিকাশের বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন ফোরামকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরা এবং বৈশ্বিক ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।