বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ‘কলেজ ট্রেন’ নামে পরিচিত লোকাল ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা ‘পদ্মরাগ’ এক্সপ্রেসও একই লাইনে চলে আসে। দুই ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ঘটতে পারে—এমন আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে পড়েন।
এতে অন্তত চারজন আহত হন। খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে তখনও সিগন্যাল কিংবা লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দুই ট্রেনের চালকের সতর্কতা ও দ্রুত ব্রেক করার কারণে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, "সিগন্যাল ছাড়াই কীভাবে ট্রেনটি স্টেশনে প্রবেশ করল, সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার পর যাত্রীদের মধ্যে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে সিগন্যালিং ব্যবস্থা আরও কঠোরভাবে তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।