এইচ-১বি ভিসার আওতায় বিদেশি কর্মীদের নিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক কিংবা দেশটিতে ব্যবসা রয়েছে— এমন বহুজাতিক কোম্পানিগুলোকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। কোনো কোম্পানি আইনের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে সেই কোম্পানির ব্যবসা করা কঠিন হয়ে যাবে বলে হুমকিও দিয়েছেন ভ্যান্স।
গত কাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিবার্তায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, “সরকার এমন সব উপায় খতিয়ে দেখছে যার মাধ্যমে কোম্পানিগুলোকে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মী সংকটের অজুহাত দেখানো থেকে বিরত রাখা যায়। এমন অনেক কোম্পানি আছে, যারা এইচ-১বি ভিসার জন্য আবেদন করে এবং বলে, ‘আমাদের কর্মীর খুব প্রয়োজন, আমরা কর্মী খুঁজে পাচ্ছি না।’ অথচ তাদের কার্যক্রমের রেকর্ড ঘাঁটলে দেখা যায়, ভিসার আবেদনের কিছু দিন আগেই তারা হয়তো ৫ হাজার কর্মী ছাঁটাই করেছে। ব্যাপরটি সত্যিই হাস্যকর।”