তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। আর দেশের মানুষকে কোনো বিদেশি শাসনের ভয় দেখিয়ে লাভ নেই।
শনিবার (৩ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে। অতীতে ষড়যন্ত্র করে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হলেও ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
মিজানুর রহমান মিনু বলেন, আমাদের নেতা তারেক রহমান ও দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত। ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রভাব বিস্তার করেছে, তাদের পরিবর্তে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার কথাও বলেন।
জাতীয়তাবাদী ওলামা দলকে দোয়া ও ধর্মীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, ওলামা দলের নেতাকর্মীরা জাতীয় সংসদে যাওয়ার যোগ্যতাও রাখেন। সংগঠনটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঐক্যবদ্ধ হয়ে শক্ত অবস্থান তৈরি করেছে।
মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে সুসংগঠিত শক্তিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন, সার্বভৌম, নিরাপদ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এ ক্ষেত্রে আলেম-ওলামাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক এডভোকেট মো. শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
এ ছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. নুরুল আলম।
সভায় ওলামা দলের রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।