এর আগে টানা ১৩ ম্যাচে অপরাজিত থেকে ব্রাজিলের রেকর্ডের পাশে বসেছিল নেদারল্যান্ডস। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে চূড়ায় বসল তারা। ফুটবল সম্রাট পেলের ব্রাজিল ১৯৫৮ থেকে ১৯৬৬ বিশ্বকাপ পর্যন্ত টানা ১৩টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল, যা এতদিন পর্যন্ত অক্ষুণ্ন ছিল। এবার প্রায় ৬০ বছর পুরোনো সেই রেকর্ড নিজেদের করে নিল ডাচরা।
পরিসংখ্যানের পাতায় নেদারল্যান্ডস বিশ্বকাপে সর্বশেষ হারের মুখ দেখেছিল ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে। সেবার স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল তাদের। তবে এরপর আর নির্ধারিত বা অতিরিক্ত সময়ে কোনো ম্যাচ হারেনি তারা।
পরবর্তীকালে ২০১৪ এবং ২০২২ সালের বিশ্বকাপ আসরে অংশ নিয়ে ডাচরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঠিকই, তবে সেটি নির্ধারিত সময়ের হারে নয়, বরং টাইব্রেকারের ভাগ্যে। ফিফার অফিশিয়াল নিয়ম অনুযায়ী, টাইব্রেকারে ভাগ্যনির্ধারণ হওয়া ম্যাচগুলোকে ‘ড্র’ হিসেবে গণ্য করা হয়, কোনো আনুষ্ঠানিক হার নয়। ফলে ২০১০ সালের ফাইনালের পর থেকে আজ অব্দি বিশ্বকাপে হারের স্বাদ পায়নি কমলা শিবির।