তিনি বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস আলম বলেন, মানুষের নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষ দীর্ঘ লোডশেডিংয়ের মধ্যে জীবনযাপন করছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি বিএনপি ইউনিয়ন পরিষদেও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী সব স্থানীয় নির্বাচনে এনসিপি একক প্রার্থী ঘোষণা করবে।
তিনি বলেন, বিএনপি সংসদে ইনিয়ে-বিনিয়ে এটা বলার চেষ্টা করছে যে গণভোটের এই রায় তারা আসলে মানে না। সংস্কারের পক্ষে বাকি মানুষের যে ম্যান্ডেট, সেটিও তারা মানতে চায় না।
এ সময় এনসিপির নেতারা সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। তাদের সফলতা একটাই—তারা সফলভাবে ব্যর্থ হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন, ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহওয়ালী উল্লাহ মানিকসহ অন্যরা। এর আগে ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাংগঠনিক অনুষ্ঠানে বক্তব্য দেন সারজিস আলম।