বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তিকে নিয়ে তার সাতজন স্বজন মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। পথিমধ্যে ভোর ৪টার দিকে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম। আহত হন মাইক্রোবাসে থাকা আরও সাতজন।
পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। তাদের চিকিৎসা চলছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।