সোমবার (৩ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোসলেম উদ্দিন প্রামানিক উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সোমবার রাতে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, “আমার ভাই অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।”
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, সাবেক সেনাসদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।