১০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে।
ভর্তি আবেদন ফরমের মূল্যও নির্দিষ্ট করে দিয়েছে মন্ত্রণালয়। প্রথম শ্রেণির অনলাইন আবেদন ফরমের দাম সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত—সব ধরনের প্রতিষ্ঠানের জন্য আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায়ের নির্দেশনা রয়েছে নীতিমালায়।
সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এলাকাভেদে। মফস্সল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা নেওয়া যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা নেওয়া যাবে। নির্ধারিত ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন ফির নামে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
নীতিমালায় পুনর্ভর্তি ফি আদায়ের সুযোগ রাখা হয়নি। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ নেওয়া যাবে, কিন্তু নতুন করে ভর্তি ফি নেওয়া যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ভর্তি ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থাও করতে বলা হয়েছে।
এ ছাড়া বেতন ও টিউশন ফি বাড়ানোর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ অক্টোবর জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে। ভর্তি ফরম বা ভর্তি ফির ক্ষেত্রে নির্ধারিত সীমা অতিক্রম করলে প্রতিষ্ঠানটির এমপিও বাতিলের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় স্পষ্ট করা হয়েছে।