বুধবার (১১ নভেম্বর) এবং বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
দুই নীতিমালাতেই প্রথম শ্রেণিতে লটারি এবং পরের শ্রেণিগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা বলা হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া, পরীক্ষার মানবণ্টন, ফি ও ভর্তি কার্যক্রম পরিচালনায় কিছু পার্থক্য রয়েছে।
দুই নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হতে হবে, তবে সাত বছর পূর্ণ হওয়া যাবে না। বয়সের প্রমাণ হিসেবে আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
দুই ধরনের স্কুলেই শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শ্রেণির প্রতিটি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রবেশ শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।
সরকারি স্কুলে আবেদন ও ভর্তি
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন, আবেদন ফি গ্রহণ, ফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ—সবই অনলাইনে হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি সরকারি বিদ্যালয় পছন্দক্রমে রাখতে পারবে। দ্বৈত পালার বিদ্যালয়ে দুই পালাই পছন্দ করলে সেটিকে দুটি বিদ্যালয়ের পছন্দ হিসেবে গণ্য করা হবে। একই বিদ্যালয়ে একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল হবে।
প্রথম শ্রেণির লটারি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি নেওয়া হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকা প্রস্তুত রাখতে হবে। বিদ্যালয়ের অবস্থান ও শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনায় ভর্তি কমিটি দ্বিতীয় থেকে নবম শ্রেণির বিদ্যালয়গুলোকে বিভিন্ন গুচ্ছে ভাগ করতে পারবে। সে ক্ষেত্রে একজন শিক্ষার্থী প্রতিটি গুচ্ছের যেকোনো একটি বিদ্যালয়ে আবেদন করতে পারবে।
বেসরকারি স্কুলে আবেদন ও ভর্তি
বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হবে। একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে একই দিনে পরীক্ষা না হয়, সে জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সময়সূচি ঠিক করতে হবে।
প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ তালিকা রাখতে হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুসারে ভর্তি করতে হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করতে হবে।
বেসরকারি স্কুলে লিখিত পরীক্ষার আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় থেকে অথবা বিদ্যালয়ের ওয়েবসাইট থাকলে সেখান থেকে সংগ্রহ করা যাবে। ফরম বিতরণ ও জমা দেওয়ার তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে। ফরম বিতরণের জন্য কমপক্ষে সাত কার্যদিবস সময় দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর পাসপোর্ট আকারের দুই কপি ছবি জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় নিচের অংশে রোল নম্বর দিয়ে সেটি প্রবেশপত্র হিসেবে শিক্ষার্থীকে দিতে হবে। ফরমের ওপরের অংশ অন্তত এক বছর বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টন নিয়ে যে নির্দেশনা
সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি পরীক্ষার মানবণ্টনে কিছু পার্থক্য রাখা হয়েছে। সরকারি স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।
বেসরকারি স্কুলে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষার পূর্ণমান ৫০। বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।
দুই নীতিমালাতেই প্রশ্নপত্র শ্রেণি উপযোগী ও মানসম্মত করার কথা বলা হয়েছে। বেসরকারি স্কুলে যে শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে, তার আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই থেকে প্রশ্ন করতে হবে। সরকারি স্কুলে সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনা রয়েছে। সরকারি স্কুলের ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নে গোপনীয়তা বজায় রাখা, উত্তরপত্রে কোড নম্বর দেওয়া এবং অন্য বিদ্যালয় বা গুচ্ছের শিক্ষকদের দিয়ে উত্তরপত্র মূল্যায়নের বিধান রাখা হয়েছে।
আবেদন ফি ও ভর্তি খরচে রয়েছে পার্থক্য
সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে অনলাইনে আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে এ ফি সর্বোচ্চ ২৫০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে।
বেসরকারি স্কুলের নীতিমালায়ও প্রথম শ্রেণিতে অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে একই নীতিমালার পরের ধারায় ঢাকা মহানগরীসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব প্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২০০ টাকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। ফলে আবেদন ফরমের মূল্যসংক্রান্ত ধারায় দুই ধরনের অঙ্ক রয়েছে।
বেসরকারি স্কুলে সেশন চার্জসহ ভর্তি ফি এলাকার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় এক হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়া যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নেওয়া যাবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ সর্বোচ্চ আট হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের শ্রেণিতে উঠলে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ফি মওকুফের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
ঢাকায় ক্যাচমেন্ট এলাকা ও সংরক্ষিত আসন
ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি—দুই ধরনের স্কুলেই ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ৬০ শতাংশ আসনে অন্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সরকারি স্কুলের ক্ষেত্রে মাউশি বিদ্যালয়গুলোর ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানাবে। বেসরকারি স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সহায়তায় ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করতে হবে। এ এলাকা নিয়ে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ বা জটিলতা হলে থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তা সমাধান করবেন। বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না।
সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট আসনের ১০ শতাংশ সংরক্ষিত থাকবে।
দুই ধরনের স্কুলেই মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ, সহোদর ভাইবোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাইবোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের বিধান রয়েছে। বেসরকারি স্কুলে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য আরও ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এসব কোটায় প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট আসন সাধারণ মেধাতালিকা অনুযায়ী পূরণ করতে হবে। কোনো আসন শূন্য রাখা যাবে না। সহোদর ও যমজ ভাইবোনের জন্য সংরক্ষিত আসনের সুবিধা একটি পরিবারের সর্বোচ্চ তিন সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সরকারি ও বেসরকারি উভয় নীতিমালায় কর্মস্থল বদলির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে প্রমাণপত্রসহ আবেদন করতে হবে। মহানগর, সিটি করপোরেশন বা বিভাগীয় শহরে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে কাছের সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে। জেলা, উপজেলা বা থানার ক্ষেত্রে নতুন কর্মস্থলের নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের ৫ শতাংশ অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে।
সরকারি স্কুলে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ভর্তি-উপযুক্ত সন্তানের জন্য তাদের কর্মস্থলের বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষণের বিধানও রয়েছে। বিদ্যালয়ের ধরন বা শ্রেণির কারণে সেখানে ভর্তি সম্ভব না হলে নিকটবর্তী উপযুক্ত সরকারি বিদ্যালয়ে আসন রাখার ব্যবস্থা করতে হবে।
দুই নীতিমালাতেই নির্ধারিত আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশনা রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা হলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়ম মানা হচ্ছে কি না, তা তদারকির জন্য সরকারি স্কুলে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ভর্তি কমিটি এবং বেসরকারি স্কুলে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
ভর্তির জন্য আবেদনের সময়সূচি
দুই নীতিমালায় ভর্তি কার্যক্রমের জন্য নির্দিষ্ট আবেদন শুরুর ও শেষের তারিখ উল্লেখ করা হয়নি। সরকারি স্কুলের ক্ষেত্রে ঢাকা মহানগরী ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সফটওয়্যারে আবেদন করতে হবে। বেসরকারি স্কুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম বিতরণ, জমা ও পরীক্ষার তারিখ জানাবে। ফলে আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, পরীক্ষা ও ফল প্রকাশের সময় জানতে সংশ্লিষ্ট ভর্তি বিজ্ঞপ্তির তারিখের উপরই নির্ভর করতে হবে।
সূত্র: ঢাকা পোস্ট