স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে থাকা একটি বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ রয়েছে। কয়েক বছর আগে স্থানীয় সালিশের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর’ রাখা হয়।
সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম শুধু নিজেদের গ্রামের নামে করার দাবি তোলেন। অন্যদিকে মিরারচর গ্রামের বাসিন্দারা ‘মিরারচর-আকবরনগর’ নাম বহাল রাখার দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে কয়েক দিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল।
এর আগে গত ২৭ জুলাই একই বিরোধকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষে মিরারচর গ্রামের মাসুদ মিয়া (৩৫) ও হিরণ মিয়া (৩০) নিহত হন। পরদিন আকবরনগর গ্রামের শতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভৈরব থানায় দুটি হত্যা মামলা করা হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, ওই ঘটনার পর কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। তবে রোববার দুপুরে মাইকে ঘোষণা দেওয়ার পর দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এ সময় কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন বলেন, বাজারের নাম নিয়ে এর আগেও দুই গ্রামের মধ্যে সংঘর্ষে দুজনের প্রাণ গেছে। আজ আবারও দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।