সেলেসাওদের সফরের আগে ও পরে সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে খেলা আরও দুই দেশের মুখোমুখি হবে ভারত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পানামার বিরুদ্ধে খেলবে দক্ষিণ এশিয়ার দেশটি। এ ছাড়া নিউজিল্যান্ড ফুটবল দলের সঙ্গেও ভারতের খেলার কথা রয়েছে।
আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতীতে ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। তার আগে ২৬ সেপ্টেম্বর পানামার সঙ্গে ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ। পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে মাঠে নামার আগে র্যাঙ্কিংয়ের ৪৪ নম্বর দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলাররা। এই ম্যাচ কোথায় হবে তা, জানানো হয়নি। ভারত সফরের কথা পানামার ফুটবল সংস্থাও অফিসিয়ালি ঘোষণা করেছে।
এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ গণমাধ্যমকে বলেছেন, ‘ব্রাজিল ম্যাচের আগে পানামার বিরুদ্ধে খেলাটাও কঠিন হবে। পানামা বিশ্বের সেরা ৫০টি দলের একটি। খালিদ জামিলের দলের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে এই ম্যাচ। আমরা চাই আমাদের ফুটবলাররা সঠিক অভিজ্ঞতা অর্জন করুক। সাধারণত আমরা এমন মানের দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাই না। তাই এই ফিফা উইন্ডোটা আমাদের জন্য বিশেষ। আমরা শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি।’
প্রথমবার পানামার সঙ্গে খেলবে ভারত। পানামা হবে দক্ষিণ আমেরিকার নবম দল, যাদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে ভারত। পানামা ও ব্রাজিল ম্যাচের পর নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ১২ এবং ১৫ নভেম্বর কিউইদের বিরুদ্ধে খেলা। অর্থাৎ দেড় মাসের মধ্যে বিশ্বকাপে খেলা তিনটি দলের বিপক্ষে মাঠে নামবেন ভারতীয় ফুটবলাররা।