সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়া সফর শেষে ভারত সিরিজের প্রস্তুতি নেয়ার কথা ছিলো বাংলাদেশের। তবে দুই দেশের বোর্ডের সম্পর্কের টানাপোড়েনে ঘরের মাঠে হতে যাওয়া সিরিজটি পিছিয়ে গেছে। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা এএনআই দাবি করেছে, আগামী বছরের শুরুতে ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে ছাড়পত্র পেতে সরকারের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা চলছে বলেও জানায় গণমাধ্যমটি।
তবে ভারতের গণমাধ্যমের এসব গুঞ্জনকে একপাশেই সরিয়ে রাখলেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস। মিরপুরে নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন পর্ব শেষে জানালেন, ভারত সিরিজ নিয়ে বাংলাদেশের প্রস্তুতি আপাতত বোর্ড কর্তাদের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।
শাহরিয়ার নাফিস বলেন, ‘মিডিয়াতে তো অনেক ধরনেরই খবর আসে। আমরা তখনই এটাকে পাবলিকলি অফিসিয়াল করতে পারবো, যখন আমরা একটা স্টেটমেন্ট দেবো। তাই যেটা বললাম যে, এটা নিয়ে টপ মোস্ট লেভেলে কথা চলছে। যখনই এটা ডেভেলপমেন্ট হবে, আপনারা জানতে পারবেন।’
অস্ট্রেলিয়া সিরিজ শেষে দলের সামনে এখন খানিকটা অবসর। মাঝের এই সময়ে ক্রিকেটারদের ব্যস্ত রাখার চেয়ে বিশ্রামের দিকেই বেশি নজর ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের।
নাফিস বলেন, ‘আন্তর্জাতিক সিরিজ এভাবে হয় না। ধুপ করে আজকে চিন্তা করলাম, কালকেই...। এটা অনেক কিছু পরিকল্পনা এবং আইসিসির মাধ্যমে চার বছরের পরিকল্পনা আগে থেকেই করা থাকে। খুব অল্প সময়ে এত সিরিজ আয়োজন করা যায় না এবং প্রয়োজনও নেই বলে আমি মনে করি। যেহেতু দীর্ঘ সময় খেলোয়াড়রা খেলেছেন, একটা সময় পেয়েছেন। এখন ভবিষ্যতের যে সিরিজগুলো আছে, টানা ছয় মাস খেলবে, এটার জন্য তারা প্রস্তুতি নেবে।’
জাতীয় দলের খেলোয়াড়দের বিশ্রাম পর্ব চললেও মাঠে গড়াচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটারদের আসর জিডি ট্রফি। শাহরিয়ার নাফীসের বিশ্বাস, ঘরোয়া এই টুর্নামেন্টই ভিত গড়ে দেবে আগামীর তারকাদের।