‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ট্রাফিক আইন, সড়কের চিহ্ন ও সংকেত এবং নিরাপদে সড়ক পারাপারের নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বিআরটিএর ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) পলাশ খীসা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। পথচারীদের রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হবে। রাস্তা পার হওয়ার আগে ডানে ও বামে ভালোভাবে দেখে নিতে হবে।
তিনি আরও বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএর ফরিদপুর সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম এবং ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অরূপ কুমার সাহা। এ সময় কলেজের শিক্ষক ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। বিশেষ করে মোটরসাইকেলের চালক ও আরোহী—উভয়েরই হেলমেট ব্যবহার এবং সড়কে দায়িত্বশীল আচরণ জরুরি।
শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিরাপদ সড়ক গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।