বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা অবৈধভাবে দখল করে টংঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব অবৈধ স্থাপনা থেকে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, সওজের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোড সংকুচিত হয়ে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে চরম দুর্ভোগে পড়ছিলেন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, “মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় এক হাজারের বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে দখল করে রাখা এসব স্থাপনার কারণে যানজটসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল।”