শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সোনারগাঁ স্টেডিয়াম, যাদুঘর ২ নম্বর গেট এলাকায় সোনারগাঁ কিংস ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ বিভাগে ১২টি, অনূর্ধ্ব-১৭ বিভাগে ১১টি এবং অনূর্ধ্ব-১৮+ বিভাগে ১১টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে অনূর্ধ্ব-১৫ বিভাগে নোয়াগাঁও ইউনিয়ন ফুটবল একাডেমি ও পিরোজপুর ইউনিয়ন ফুটবল একাডেমি মুখোমুখি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র আহ্বায়ক ও সোনারগাঁ ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাইরুল ইসলাম সজিবের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে উপস্থিত ছিলেন তাঁরই ছোট ভাই ক্রীড়া ব্যক্তিত্ব সাইদুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সোনারগাঁ পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো. হযরত আলী রানা।
বক্তারা বলেন, তরুণদের মাঠমুখী করা, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ তৈরি ও মাদকাসক্ত সমাজ গড়া এবং ফুটবলের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
৩৪টি দল ও ৬৮০ খেলোয়াড়ের অংশগ্রহণে টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।