রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। এরপর প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিল আনবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের যেসব মৌলিক বিষয়ে সংশোধন আনা হবে, সেগুলোর ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে। সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ১৪২ বা সংশ্লিষ্ট সাংবিধানিক বিধানে পরিবর্তন এলে গণভোটের বাধ্যবাধকতা থাকবে।

গণভোটের ধরন ব্যাখ্যা করে তিনি বলেন, গণভোট সাধারণত দুই ধরনের। একটি সাংবিধানিক গণভোট, অন্যটি আইনের কোনও বিষয়ে গণভোট। আইনের কোনও বিষয়ে জাতীয় ভিত্তিতে গণভোটের আহ্বান করা যেতে পারে। সংবিধানে সাংবিধানিক গণভোটের বাইরে অন্য কোনও বিষয়ে গণভোট হতে পারবে না, এমন বিধান নেই।

১৪২ অনুচ্ছেদ ও সাংবিধানিক গণভোট

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে আগে সাংবিধানিক গণভোটের বিধান ছিল। আওয়ামী লীগ সরকারের সময় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করা হয়। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টে হওয়া মামলার রায়ের পর ১৪২ অনুচ্ছেদের ওই বিধান আবার এসেছে বলে তিনি জানান।

তিনি বলেন, সংবিধান সংশোধনী সংসদে পাস হওয়ার পর যেসব পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা থাকবে, সেগুলো রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটে পাঠানো হবে। গণভোটে পক্ষে ভোট পড়লে সংশোধনী অনুমোদিত হবে এবং এরপর রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন।

তত্ত্বাবধায়ক সরকারও গণভোটের আওতায়

সাংবিধানিক গণভোটের আওতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার প্রস্তাবের কথাও জানান কমিটির সভাপতি। তিনি বলেন, ঐকমত্য কমিশনে তাঁদের পক্ষ থেকে প্রস্তাব ছিল, ভবিষ্যতে কোনও সংসদ যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট বিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা।

তিনি বলেন, এই প্রস্তাবের সঙ্গে আরও একটি বিষয় যুক্ত করার কথা বলা হয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট সাংবিধানিক বিধান পরিবর্তন করতে চাইলে সেটিও গণভোটের আওতায় আনতে হবে। বিএনপির পক্ষ থেকেও এসব বিষয়ে গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান

সংবিধান সংশোধনের কাজে বিরোধী দলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা কমিটিতে যোগ দিলে তাদের বক্তব্য ও প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। গ্রহণযোগ্য প্রস্তাবগুলো সবার মতামতের ভিত্তিতে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।

তিনি বলেন, কমিটির পক্ষ থেকে বারবার বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষমতা কমিটির নেই, শুধু আহ্বান জানানো ও আশা করা যায়।

রবিবারের বৈঠকে জাতীয় দৈনিকের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধিরা সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে মতামত দেন। প্রস্তাবনা থেকে শুরু করে বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়েও মতামত পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জুলাই সনদ ও নির্বাচনি ইশতেহার

সংবিধান সংশোধনে জুলাই জাতীয় সনদকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান কমিটির সভাপতি। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বিবেচনায় নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যের ভিত্তিতে আসেনি, সেগুলোও বিবেচনা করা হবে। বিএনপির নির্বাচনি ইশতেহারে থাকা সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রস্তাবও আলোচনায় রাখা হবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের আলোচনায় রাজনৈতিক দলগুলোকে যুক্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দলগুলোসহ সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে কাজটি এগিয়ে নিতে চায় কমিটি।

ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন, জানুয়ারিতে বিল

কমিটির সভাপতি বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর চেষ্টা চলছে। এরপর প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংবিধান সংশোধনের বিল আনবে।

তিনি বলেন, আগামী বছরের প্রথম অধিবেশন, অর্থাৎ জানুয়ারি সেশনে বিলটি উত্থাপন হতে পারে। বিলের ওপর আলোচনা, সংশোধনী প্রস্তাব ও বিরোধিতা থাকলে সেগুলো বিবেচনার পর সাংবিধানিক প্রক্রিয়ায় সংশোধনী পাস হবে। গণভোটের বাধ্যবাধকতা থাকা সংশোধনীগুলো রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটে যাবে।

আরও

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

জাতীয়

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে চিকিৎসা সরঞ্জাম। তবুও থেমে নেই...

২০২৬-০৯-২৭ ১৩:০৬

ডিটিসিএ এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে চালকদের দৃষ্টি পরীক্ষা

জাতীয়

ডিটিসিএ এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে চালকদের দৃষ্টি পরীক্ষা

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ভিশনস্প্রিং বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে চালকদের জন...

২০২৬-০৯-২৭ ১২:৩২