ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত খান। এ সময় রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়ের খীসা, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর এবং রাঙামাটি সিএমএইচের মেজর ডা. আবু সালে মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
রাঙামাটি সিএমএইচের মেজর ডা. আবু সালে মো. মেহেদী হাসান বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে রাঙামাটি সিএমএইচ ও জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ক্যাম্পে সেবা দেন। মেডিসিন, গাইনি, শিশু, সার্জারি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেন।
ক্যাম্পে ডায়াবেটিস, জ্বর, চর্মরোগ, উচ্চ রক্তচাপ, দাঁতের সমস্যা, গর্ভকালীন জটিলতা ও শিশুর বিভিন্ন রোগসহ নানা ধরনের সমস্যার চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত খান বলেন, দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। এতে সেনাবাহিনী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, শুধু চিকিৎসা ক্যাম্পের মধ্যেই এ কার্যক্রম সীমাবদ্ধ নয়। সেনাবাহিনীর উদ্যোগে আরও ৭৮ জন চোখের রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা। তারা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।