মৃত শুকুর আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।
শুকুর আলীর প্রতিবেশী সাদেক মিয়া জানান, পরিবারের সদস্যদের রেখে জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে কাজের জন্য পরশুরামে আসেন শুকুর আলী। শুক্রবার রাতে স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে বসে চা পান করেন। পরে দোকানে থাকা একটি চেয়ারে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দেখা যায়, ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলেও জানান সাদেক মিয়া।
স্থানীয়রা জানান, মৃত্যুর পর তাঁর সঙ্গে কাজে আসা কয়েকজন শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় শুকুর আলীর মরদেহ স্টেশন রোড এলাকার মসজিদে নিয়ে রাখা হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দিতে স্থানীয়রা অর্থ সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেন।
তার ছেলে আনোয়ার হোসেন মোড়ল জানান,
বাবাকে কাজে যেতে নিষেধ করেছিলাম। আমাদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালো। তবুও তিনি কথা না শুনে কাজে গেছেন।
পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাঁর মরদেহ বাড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে এসে শুকুর আলীর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।