গত বুধবার (১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিভা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, দুর্বৃত্তরা পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে তাকে ডেকে নেওয়ার চেষ্টা করে। তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে দেখা করতে চান। পরে ওই ব্যক্তিরা তাকে না পেয়ে তার পরিত্যক্ত বাড়িতে যায় এবং দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘর দুটির বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগীর দাবি, আগুনে পরিত্যক্ত বাড়ির দুটি ঘরের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো দুর্বৃত্তকে পাওয়া যায়নি। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, পুলিশ পরিচয় ব্যবহার করে একজন ব্যবসায়ীকে ডেকে নেওয়ার চেষ্টা এবং পরে তার পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের শনাক্ত করা হোক।
ভুক্তভোগী মো. আক্তার হোসেনও ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।