রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কিসমত জাফরাবাদ এলাকার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রাম ও মীরসরাই থানার যৌথ উদ্যোগে এ মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামের প্রোগ্রাম অফিসার মো. মুজিবুল হকের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম জাহেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা। এ সময় মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “মাদক হলো সকল অপরাধের উৎস। একটি সুস্থ ও সুন্দর পরিবার এবং সমাজ গড়ে তুলতে হলে ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে মাদককে অবশ্যই নির্মূল করতে হবে।”
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।