শনিবার (২৯ আগস্ট) সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার অন্যতম সহযোগি শেখমাটিয়া এলাকার জাকারিয়া(৩০)কেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নাদিম কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। চলতি বছরের ১৮ মার্চ পুলিশকে কুপিয়ে আসামী ছিনিয়ে নিয়েছিল গ্রেপ্তার নাদিম ও তার লোকজন। এছাড়া নাদিমের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখ মাটিয়া এলাকা থেকে নাদিম ও তার সহযোগী জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন, নাদিমকে নাজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।এ বিষয়ে ওই থানা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। নাদিমের বিরুদ্ধে বেশকিছু মামলা ও একটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে কচুয়ায় থানায়। আর যেসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান তিনি।