পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে মন্ত্রণালয়। সোমবার সকাল থেকে একাধিকবার ভিসা আবেদন পোর্টালে প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। প্রতিবারই ‘সার্ভার এরর’ বার্তা দেখা গেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) মাধ্যমে পরিচালিত হয়। দীর্ঘদিন পোর্টালটির আধুনিকায়ন না হওয়ায় অতিরিক্ত আবেদন পড়লে সার্ভারে সমস্যা দেখা দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমান সমস্যাও সার্ভারজনিত বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে জানানো হয়, সার্ভার সচল করতে কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি দলও সার্বক্ষণিক কাজ করছে।
এদিকে বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এনডোর্সমেন্ট, ভিসা প্রক্রিয়াকরণ ও ভিসা ইস্যুতে বর্তমানে বিলম্ব হচ্ছে।
বাংলাদেশের ভিসা আবেদন পোর্টাল কাজ না করায় ভোগান্তিতে পড়েছেন বিদেশি আবেদনকারীরাও। গত রোববার ভারতের কয়েকজন নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে ট্যাগ করে ভিসা আবেদন সাইটের ত্রুটির কথা জানান।
জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসও এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সার্ভার বর্তমানে সচল নেই।
এ কারণে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে এনভিআর ও ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় সিস্টেম দ্রুত সচল করতে কাজ চলছে জানিয়ে আবেদনকারীদের অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ করেছে দূতাবাস।
সিস্টেম পুনরায় চালু হলে স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরুর বিষয়টি দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীমুল আমীন গণমাধ্যমকে বলেন, ‘ভিসা আবেদন ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে। এতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়েও কিছু সমস্যা থাকতে পারে। সমস্যা সমাধানে আমাদের কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে।’
তিনি বলেন, সিস্টেমে ত্রুটির কারণে নতুন আবেদন নেওয়া হচ্ছে না। তবে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা সময়মতো ভিসা পাবেন। সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশসহ যেসব দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের জন্য অগ্রিম ভিসা প্রয়োজন হয় না, তারা বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা নিতে পারেন। তবে অনলাইন ভিসা আবেদন ব্যবস্থা দীর্ঘ সময় বন্ধ থাকায় দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান তিনি।