মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে সর্বোচ্চ ব্যবহারোপযোগী করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের সব জেলা স্টেডিয়ামকে স্বয়ংসম্পূর্ণ করতে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
প্রকল্পের আওতায় প্রতিটি জেলা স্টেডিয়ামে পূর্ণাঙ্গ গ্যালারি, আধুনিক ড্রেসিং রুম ও প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন ডিসিপ্লিনের অনুশীলনের সুযোগও তৈরি করা হবে।
ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার শক্তিশালী কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এ লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং শহরের ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের সরকারি পরিকল্পনা রয়েছে।
বড় আসরে পদকের লক্ষ্য
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লক্ষ্য তুলে ধরে আমিনুল হক বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ নয়, বাংলাদেশ এখন সরাসরি পদকের জন্য লড়তে চায়। আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো বড় আসরে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।
দেশের বেদখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধারে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। মৌলভীবাজারের রেলওয়ে মাঠসহ সারা দেশে অবৈধভাবে দখল হয়ে থাকা মাঠগুলো দ্রুত দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এর আগে তিনি শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির ড্রেসিং রুমসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পরে শ্রীমঙ্গলে মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি শ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠও পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, শ্রীমঙ্গল ইউএনও জিয়াউর রহমান, এএসপি ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।