বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন চিন্তা করছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে নির্বাচন শুরু করা সম্ভব হবে।
তিনি বলেন, এর আগে সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।
রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সার্বিক বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পেছায়নি বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আয়োজনের উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।