মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গলাচিপা পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের আশপাশে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপির বর্তমান কমিটি এবং সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচি আহ্বান করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (৩১ আগস্ট) থেকেই দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে উভয় পক্ষই শহরজুড়ে পৃথক মিছিল বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল দুটি পৌর শহরের গুরুত্বপূর্ণ কালীবাড়ি ও বটতলা মোড়ে পৌঁছালে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে মুহূর্তের মধ্যে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কিছু সময় হাতাহাতির ঘটনা ঘটেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।