অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ। এতে প্রধান অতিথি ছিলেন দারুল ইসলাম সোসাইটি ফেনীর চেয়ারম্যান মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহমুদুর রহমান, গজারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল মতিন ভূঁইয়া।
বক্তারা তাঁদের আলোচনায় সহজ উপায়ে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন ও লেখক মাওলানা রহিম উল্লাহ গজারীর এই উদ্যোগের প্রশংসা করেন। বইটির মাধ্যমে সাধারণ পাঠকেরা বিশেষ করে ‘২০ দিনে সহজে কুরআন শিক্ষা’র মাধ্যমে ধর্মীয় জ্ঞান অর্জন ও কুরআন তিলাওয়াত সহীহ-শুদ্ধভাবে শিখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গ্রন্থটির লেখক মাওলানা রহিম উল্লাহ গজারীর জন্ম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামে। তিনি গজারিয়া হযরত শাহ সুফি ছদর উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তাফসীর বিভাগে অধ্যয়নরত। কর্মজীবনে তিনি বাংলাদেশ মসজিদে পেশ ইমাম হিসেবে ওমানে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন।
লেখক মাওলানা রহিম উল্লাহ গজারী বলেন, ২০০ টাকা মূল্যের বইটি পাওয়া যাচ্ছে রাজধানীর বাংলাবাজারের 'রহমান পাবলিশিং হাউস', ফেনীর ট্রাংক রোডের 'ইসলামী বই ঘর' ও তমিজিয়া মসজিদ মার্কেটের 'এডুকেশন মিডিয়া'-সহ প্রধান প্রধান বইয়ের দোকানে।