বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম দাগনভূঞা থানার অভিরামপুর গ্রামের আবদুল আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীগামী লেনে একটি নম্বরবিহীন ট্রাক্টর ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘আল্লাহর দান’ নামের একটি যাত্রীবাহী বাস (চট্টগ্রাম মেট্রো-ব-১১-০৬৩৮) ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। বাসটির ধাক্কায় ট্রাক্টরটি উল্টে মহাসড়কের বিপরীত পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। আহত দুই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।