তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে আমি গতকাল শনিবার চট্টগ্রামে এসেছিলাম, সেখানে প্রশাসনের সাথে মিটিং করেছি এবং আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি এবং আজ রবিবার সকালেও চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এখন সামগ্রীক পরিস্থিতি দেখার জন্য রাঙ্গামাটিতে এসেছি।
প্রতিমন্ত্রী বলেন, রাঙ্গামাটির আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানে অবস্থানরত মানুষের সাথে কথা বলেছি, তারা প্রশাসনের সহযোগিতার উপর সন্তোষ প্রকাশ করেছেন এবং দেখলাম আশ্রয় কেন্দ্রের খাবারের মানও অনেক ভালো। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষদের সকল প্রকার সুবিধা প্রদান করা হচ্ছে।
আজ রবিবার বিকেলে রাঙ্গামাটি শহরের তবলছড়ির ওমদামিয়া এলাকায় আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সাংসদ দীপেন দেওয়ান এমপি, জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, মোঃ আলী বাবর,জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা জাসাসের সভাপতি মোঃ কামাল উদ্দিন ও অন্যানরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে আমি আজই আবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলার দপ্তর প্রধানদের সাথে আলোচনা করবো এবং সেখানে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথেও ভার্চুয়ালী আলোচনা করবো এবং পুরো রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবো। আলোচনা সাপেক্ষে সরকারী ত্রাণ সহায়তার আরো প্রয়োজন হলে আমরা আগামীকালের মধ্যেই সেগুলোর ব্যবস্থা করবো। এটা হচ্ছে এই দুর্যোগকালীন মুহুর্তের কাজ।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেন,আগামী দিনগুলোতে এই দুর্যোগ কেটে গেলে ক্ষতিগ্রস্তদের বাসাবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো। পাশাপাশি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটসহ সকল কিছু যাতে দ্রুত মেরামতের ব্যবস্থা করতে পারি সে বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে এবং সবকিছু নিয়েই আমাদের সরকার কাজ করছে। তিনি বলেন, এই দুর্যোগময় মুহুর্তে যারা ঘরবাড়ি ছেড়ে চলে এসেছে, কোনভাবেই যেন তাদের ঘরবাড়ি ও সম্পতিতে দুস্কৃতিকারীরা অরাজক পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার বিষয়ে আমরা নিশ্চিত করেছি। এছাড়া জেলা প্রশাসন ছাড়াও প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে আমরা সবসময়ই যোগাযোগ রাখছি এবং সার্বিক পরিস্থতি নিয়ে মনিটরিং করছি।
এর আগে প্রতিমন্ত্রী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে থাকা সাধারন মানুষের সাথে কথা বলেন এবং তাদের সান্তনা দেন।
আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং শেষে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার দপ্তর প্রধানদের সাথে আলোচনা সভায় মিলিত হন এবং সেখানে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথেও প্রতিমন্ত্রী ভার্চুয়ালী আলোচনা করেন।