আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরুর আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর শতাধিক কর্মী।
কর্মসূচি উদ্বোধনের পূর্বে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ শেষে স্বেচ্ছাসেবকরা লাইফ জ্যাকেট, গ্লাভস ও সরঞ্জাম নিয়ে সরাসরি খালে নেমে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেন।
সভায় ডেপুটি স্পিকার বলেন, “ইসলাম ধর্মের মূল্যবোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। শুধু ইসলাম নয়, প্রত্যেকটি ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতা সামাজিকভাবে স্বীকৃত, প্রতিষ্ঠিত এবং এটি সবারই কাম্য। দুর্ভাগ্যবশত, কেবল অসচেতনতার অভাবেই আমরা এই জরুরি কাজটি থেকে বিরত থাকি।”
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “বিডি ক্লিনের বন্ধুরা আজ যে খালটি পরিষ্কার করতে এসেছেন, এটি গত প্রায় দুই দশক ধরে এমন বেহাল অবস্থার মধ্যে ছিল। এমন চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং বিডি ক্লিনের সকল স্বেচ্ছাসেবক বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।”
দেশে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দুর্গাপুর ও কলমাকান্দাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় আজ ডেঙ্গুর প্রকোপ ও নানা ধরনের ছোঁয়াচে বা আবর্জনাজনিত রোগ বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিশুরাই এসবের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমাদের আজকের পরিচ্ছন্নতা কার্যক্রমটি মূলত আগামী প্রজন্মের জন্য, যেন আমাদের শিশুরা সুস্থ থাকে এবং ভালোভাবে বাঁচতে পারে।”
ডেপুটি স্পিকার বলেন, “বিডি ক্লিন আজ আমাদের যে শপথ পড়িয়েছে, সেখানে বলা হয়েছে- মানবিক এবং কার্যকর রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই কাজ করব। আমি নিজেও শপথটি পড়েছি এবং সবাইকে এটি অন্তরে ধারণ করার অনুরোধ জানিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে।”
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি সকলের প্রতি অনুরোধ জানাব, আমরা অতীতকে ভুলে গিয়ে বা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আগামী প্রজন্ম সুখী ও সুন্দর দেশ পাবে।”