২৬শে জুলাই রবিবার সকাল ১১টায় বাগেরহাট জেলা জজ কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু বলেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত এই হত্যাকান্ডের রহস্য উদঘন করে তা না হলে আর কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ী প্রশাসনকে নিতে হবে।
বক্তারা আরো বলেন, একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, সমগ্র আইনজীবী সমাজ ও বিচার ব্যবস্থার ওপর আঘাত। এমন নৃশংস ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কর্মসূচি শেষে তারা দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।