শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের ভক্তবাড়ী এলাকার চোখজুড়ানো ‘চেয়ারম্যান বাড়ি রিসোর্ট’-এ এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি’র উদ্যোগে আয়োজিত হয় ‘মেধা বৃত্তি ২০২৫ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান’। বেলা ১১ টা দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। উপজেলার ৫০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৮'শ জন কৃতি শিক্ষার্থীকে এই বর্ণাঢ্য আয়োজনে মেধা বৃত্তি ও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক উৎসাহ প্রদান করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। এসময় এমপি দিপু ভূইয়া কোমলমতি শিশুদের সাথে আনন্দ-উল্লাসে মেতে উঠেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউপি প্রশাসক নুরুন্নবী ভূইয়া, আবু হোসেন ভূইয়া রানু, আবু মোহাম্মদ মাসুম, শামীম ভূইয়া, রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।