রাহীর অভিযোগ, ৫ থেকে ৬ জন লোক নিয়ে সাইদুল তার ভাড়া বাসায় ঢুকে এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাসায় ফিরে তিনি মালামাল না থাকার বিষয়টি দেখতে পান। পরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামের একটি ভাড়া বাসায়। প্রায় দুই মাস আগে বাসাটি ভাড়া নেন রাহী। সেখানে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তবে প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে রাহী গ্রামের বাড়িতে চলে যান। এরপর তার স্ত্রীও বাসায় না থাকায় বাসাটি কার্যত ফাঁকা ছিল।
রাহী বলেন, ‘সাইদুল নামে একজন স্থানীয় ব্যক্তি কয়েকজন লোক নিয়ে এসে আমার বাসার সব মালামাল নিয়ে গেছেন। এর মধ্যে এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণের গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, মালামাল নিয়ে যাওয়ার আগে সাইদুল তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। রাহীর ভাষ্য, সাইদুল তাকে জানিয়েছিলেন, কিছু লোকজন তাকে খোঁজাখুঁজি করছে এবং দ্রুত তার সঙ্গে দেখা করতে হবে।
রাহী জানান, সাইদুলকে তিনি আগে থেকে চেনেন না। শুধু একদিন তার সঙ্গে কথা হয়েছিল। তবে কী কারণে সাইদুল তার বাসার মালামাল নিয়ে গেছেন, তা তিনি নিশ্চিত নন।
বাড়িটির কেয়ারটেকার মোহাম্মদ আপেল বলেন, ‘সাইদুল নামে এক ব্যক্তি ৫-৬ জন লোক নিয়ে এসে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই কক্ষের সব মালামাল নিয়ে যায়। বিষয়টি আমি বাড়ির মালিককে জানিয়েছিলাম।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাসা থেকে কী কী মালামাল নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই করা হচ্ছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও জানান, অভিযুক্ত সাইদুলের সঙ্গে রাহীর পূর্ব কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।