চিকিৎসকরা বলছেন, র্যাশ একটি সাধারণ উপসর্গ, যা বিভিন্ন রোগে দেখা দিতে পারে। ভাইরাল সংক্রমণ যেমন রুবেলা বা চিকেনপক্স, ডেঙ্গু জ্বর, অ্যালার্জিক প্রতিক্রিয়া কিংবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও ত্বকে র্যাশ দেখা যায়। তাই শুধু র্যাশ দেখেই হামের নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, হামের ক্ষেত্রে সাধারণত কয়েকটি নির্দিষ্ট লক্ষণ একসঙ্গে দেখা যায়। এর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, কাশি, সর্দি ও চোখ লাল হওয়া। অনেক ক্ষেত্রে র্যাশ ওঠার আগে গালের ভেতরে ‘কপলিক স্পট’ নামের ছোট সাদা দাগও দেখা যায়, যা হামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
অন্যদিকে রোজোলা, চিকেনপক্স, স্কারলেট ফিভার, অ্যালার্জি, ডেঙ্গু ও রুবেলার র্যাশের ধরন ও উপসর্গ ভিন্ন। যেমন—চিকেনপক্সে পানিভর্তি ফোস্কা ও তীব্র চুলকানি দেখা যায়, ডেঙ্গুতে লালচে দাগ ও শরীরব্যথা থাকে, আর অ্যালার্জিতে হঠাৎ চাকা চাকা র্যাশ দেখা দিতে পারে।
চিকিৎসকরা বলছেন, র্যাশ দেখা দিলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। বরং র্যাশের ধরন, জ্বরের উপস্থিতি এবং অন্যান্য উপসর্গ মিলিয়ে দেখা জরুরি। প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক রোগ নির্ণয় ছাড়া যেকোনো র্যাশকে হাম ধরে নেওয়া যেমন অপ্রয়োজনীয় ভীতি তৈরি করে, তেমনি প্রকৃত রোগ শনাক্তে বিলম্ব ঘটাতে পারে।