কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক আইনুল কবিরের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আবু ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মীরসরাই থানার ওসি (তদন্ত) আওলাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মুছা মিয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য এ কে এম সামছুল হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে নিজেদের ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে।