মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে ছিলেন। তিনি স্থানীয় কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং বোয়ালমারী বাজারের কে হালিম হাসপাতালের অভ্যর্থনা বিভাগে চাকরি করেন।
জানা যায়, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। সম্প্রতি তাদের এই সম্পর্কের বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
হাসপাতালের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, দুই দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী বিদেশ থেকে তাকে ফোন করে ইনামুলের বিষয়ে অভিযোগ জানান। তবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না।
অভিযোগের বিষয়ে কথা বলতে ইনামুল মোল্লার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
বোয়ালমারী পৌর জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ পাওয়ায় ইনামুল মোল্লাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে একটি তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। ব্যক্তিবিশেষের কোনো অপকর্মের দায় সংগঠন বহন করবে না বলে তিনি স্পষ্ট করেন।