বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানামার বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকতে হবে। অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার করা যাবে না। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে-এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া, যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রবাসীদের নিজেদের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।