শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কোনো ধরনের হয়রানি ও মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই যথাসময়ে অনলাইনে শিক্ষকদের প্রাপ্য অর্থ তাঁদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে।

শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা ২০২২ সালের পর দীর্ঘ চার বছর অপেক্ষা শেষে সরকারি দুটি তহবিলে জমা তাঁদের প্রাপ্য অর্থের একটি অংশ পেয়েছেন।

‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ‘অবসর সুবিধা বোর্ড’ থেকে অর্থ সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের অনিশ্চয়তার কিছুটা হলেও অবসান হয়েছে।

শিক্ষকদের প্রাপ্য অর্থ পেতে হয়রানির সমালোচনা করে তারেক রহমান বলেন, যে শিক্ষকরা নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়ে লাখো শিক্ষার্থীকে গড়ে তোলেন, তাঁদেরই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরতে হয়, তাহলে তা শুধু শিক্ষকদের হয়রানি নয়; জাতি হিসেবে এটি আমাদের দীনতা ও হীনতার প্রকাশ।

তিনি বলেন, এখন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষকদের পাওনা টাকা তাঁদের ব্যাংক হিসাবে পাঠানো সম্ভব হয়েছে।

অবসর সুবিধার অর্থ বিতরণের এ প্রক্রিয়া সহজ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতের মতো শিক্ষকদের দুটি তহবিলেও লুটপাট চালিয়েছিল। জাল ইনডেক্স তৈরি, দুর্বল ব্যাংকে তহবিলের অর্থ সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংসের মাধ্যমে তহবিল দুটিকে দুর্বল করে ফেলা হয়েছিল বলেও তিনি দাবি করেন। এর ফলে ২০২২ সাল থেকে শিক্ষকরা কোনো অর্থ পাচ্ছিলেন না বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও শিক্ষকদের দুরবস্থা বিবেচনায় বিশেষ ব্যবস্থায় তাঁদের পাওনা অর্থ পরিশোধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় প্রয়াত বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর দূরদর্শী উদ্যোগেই ১৯৯১ সালে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ২০০২ সালে ‘অবসর সুবিধা বোর্ড’ প্রতিষ্ঠিত হয়। প্রথমে ১৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে পর্যায়ক্রমে ৮৯ কোটি টাকার তহবিল গঠন করে তিনি এর ভিত্তি সুদৃঢ় করেছিলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শিক্ষকতা এমন একটি পেশা, যা অন্য সব পেশার সৃষ্টি করে। প্রচলিত নিয়মে অবসরে গেলেও সমাজের প্রতি শিক্ষকদের দায়িত্ব শেষ হয় না। ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

জাতীয়

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএ...

২০২৬-১০-০১ ১৯:২৪

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

জাতীয়

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা আছে, ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ আছে এবং ভোট কেন্দ্র প্রস্তুত আছে।...

২০২৬-১০-০১ ১৮:৩৮

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

জাতীয়

কৃষি সচিব সেলিম খান কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ...

২০২৬-১০-০১ ১৮:২৪

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

জাতীয়

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়...

২০২৬-১০-০১ ১৫:২৯