সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই) ২০২৬-এর মাধ্যমে আন্তর্জাতিক দলের জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (এসএলএসএন) ও জিরো কম্পিটিশনস যৌথভাবে এ উদ্যোগ আয়োজন করে।
চার হাজার শিক্ষার্থীর প্রতিযোগিতা
১৭ জুলাই সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্রাথমিক পর্বের মধ্য দিয়ে বিওসিই ২০২৬-এর কার্যক্রম শুরু হয়। এরপর ঢাকা, রাজশাহী ও সিলেটে আঞ্চলিক পর্ব এবং একটি অনলাইন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক পর্যায়ে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে সেরা ৩০০ শিক্ষার্থী গত ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।
জাতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় এবং শিক্ষা প্রকল্পের জ্যেষ্ঠ সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
ছয় বিষয়ে বিশেষ প্রশিক্ষণ
জাতীয় পর্ব শেষে নির্বাচিত ৪০ জন জাতীয় বিজয়ীকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের পরিবেশবিদ্যা, জীববৈচিত্র্য, পরিবেশ রসায়ন, জলবায়ুবিজ্ঞান, পৃথিবী-ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা—এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ২৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত চূড়ান্ত দল নির্বাচন পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশের দল চূড়ান্ত করা হয়।
এই পরীক্ষায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, তথ্য বিশ্লেষণের সক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়।
আন্তর্জাতিক দলে যারা
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলেন—আবু মাহজুরাহ আয়মান, ফাবিহা নূরজিনা, ইসমাহ আরুশ, এস এম আনফাল হাবিব ও কামরুন নাহার মেঘা।
বাংলাদেশ দলের দলনেতা হিসেবে থাকবেন তাসিন মোহাম্মদ ও আহনাফ তাহমিদ উদ্দিন। পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধিদলের সঙ্গে থাকবেন ফেরদৌস আহমেদ।
সিরিয়াসে আন্তর্জাতিক প্রতিযোগিতা
রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিতব্য আইওসিই ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দল অংশ নেবে। প্রতিযোগিতায় জলবায়ুবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিষয়ে তাত্ত্বিক, ব্যবহারিক ও প্রকল্পভিত্তিক বিভিন্ন কার্যক্রম থাকবে।
দীর্ঘ বাছাই ও প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন।