বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনে তিনি ভোট দেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
ভোট গ্রহণ শেষে জাতীয় সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট গণনা শেষে ফল ঘোষণা করবেন। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমবার সংসদ সদস্যরা ভোট দেন। এরপর পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন।