মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এদিকে রাজধানীর ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ দুর্নীতি ও অযথা হয়রানির শিকার না হন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
আয়োজকরা জানান, আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, মৌজা মানচিত্র, অনলাইন ভূমি সেবা এবং অন্যান্য নাগরিক সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হবে।
মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভূমি সংক্রান্ত সেবাগুলো পৌঁছে দেওয়া। এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।