মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এ ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ওসি বলেন, ‘কে বা কারা একটি ককটেল ছুড়ে মারলে বিস্ফোরণ ঘটে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রধান ফটকের কাছে গণপূর্ত ভবনের বিপরীত পাশের সড়কে বিস্ফোরণটি ঘটে। চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ককটেলটি ছুড়ে মারে বলে জানান তিনি। ঘটনাটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের বাইরে সড়কে ঘটেছে।
সাতজনের মৃত্যুদণ্ড
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলায় দণ্ডিত অন্যরা হলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
দণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
রায়ে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান ছাড়া অন্য পাঁচ আসামির অর্ধেক সম্পদ জব্দ করে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।